ব্রাজিল, রাশিয়া, ভারত ও
চীন−এই চার দেশকে এখন বলা
হয় ‘ব্রিক কান্ট্রি’ (চারটি দেশের আদ্যাক্ষর নিয়ে)। বলা হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতির সেরা
শক্তি হতে যাচ্ছে এই চারটি দেশ।
প্রখ্যাত পরামর্শক ও গবেষণা
প্রতিষ্ঠান প্রাইস ওয়াটারহাউস কুপারস ২০০৬ সালে এর সঙ্গে যুক্ত করে দেয় আরও তিনটি দেশকে−মেক্সিকো, ইন্দোনেশিয়া ও তুরস্ক। আর এখন সব মিলিয়ে
তারা ৩০টি দেশের একটি তালিকা প্রকাশ করেছে, যারা হবে ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে
বড় অর্থনীতির দেশ।
আর এই তালিকায় রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশকে তারা মনে করছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর অন্যতম হিসেবে। ৩০টি দেশকে প্রাইস
ওয়াটারহাউস কুপারস দুই ভাগে ভাগ করেছে। যেমন, প্রথম ১৭টি বড় অর্থনীতির দেশ আর শেষ ১৩টি
উদীয়মান অর্থনীতির দেশ।
প্রাইস ওয়াটারহাউস কুপারস
‘২০৫০ সালে বিশ্ব’ নামের একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। এ প্রতিবেদনেই সেরা
৩০টি দেশের সম্ভাবনাগুলো পর্যালোচনা করা হয়েছে।
প্রতিবেদনে উদীয়মান অর্থনীতির
দেশ হিসেবে শীর্ষে রয়েছে ভিয়েতনাম। আর বাংলাদেশের অবস্থান পঞ্চম। এর মধ্যে রয়েছে নাইজেরিয়া,
ফিলিপাইন ও মিসর। প্রাইস ওয়াটারহাউস কুপারসের মতে, বাংলাদেশকে এ অবস্থানে উঠে আসতে
বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হবে। বাংলাদেশের জন্য আরেকটি দীর্ঘমেযাদি
ঝুঁকি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া।
বিশ্বে ‘ব্রিক কান্ট্রি’র
ধারণাটি জনপ্রিয় করে আরেকটি বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস, ২০০৩ সালে।
আর এখন প্রাইস ওয়াটারহাউস কুপারস তৈরি করল সব মিলিয়ে ৩০টি দেশের তালিকা। তাদের মতে,
২০৫০ সালে বিশ্ব উৎপাদনের ৮৫ শতাংশই আসবে এই ৩০টি দেশ থেকে। এর মধ্যে সম্মিলিতভাবে
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, মেক্সিকো, ইন্দোনেশিয়া ও তুরস্কের মোট অর্থনীতি হবে মার্কিন
যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডার মোট অর্থনীতির
তুলনায় ৫০ শতাংশ বড়। তবে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ২০২৫ সালে এবং ভারত যুক্তরাষ্ট্রকে
২০৫০ সালের মধ্যে প্রায় ধরে ফেলবে। এ ছাড়া জাপানকে অতিক্রম করবে ব্রাজিল ও জার্মানি;
ফ্রান্স ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে রাশিয়া, মেক্সিকো ও ইন্দোনেশিয়া। আর তুরস্কের অর্থনীতি
হবে ইতালির মতোই।
প্রাইস ওয়াটারহাউস কুপারসের
তালিকা অনুযায়ী, ২০৫০ সালে শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র
ও ভারত। এর পরের দেশগুলো হলো যথাক্রমে ব্রাজিল, জাপান, রাশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া,
জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, তুরস্ক, কানাডা, স্পেন, কোরিয়া এবং অস্ট্রেলিয়া।
এই ১৭টি দেশের বাইরে উদীয়মান ১৩টি দেশের মধ্যে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের পরই রয়েছে
যথাক্রমে পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, সৌদি
আরব এবং পোল্যান্ড।
প্রথম আলো ১০-০৩-২০০৮ থেকে সংগৃহীত...
কৃতজ্ঞতাঃ মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক